জলসীমা লংঘনের দায়ে কারাগারে আটক জেলেসহ ৩৫ জেলেসহ মোট ৪০ ভারতীয় বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলন শেষ হওয়ার একদিন পর শুক্রবার ইসলামাবাদ এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানে কারাগারে এক থেকে তিন বছর পর্যন্ত আটক থাকা ৩৫ ভারতীয় জেলেকে করাচি থেকে পূর্বাঞ্চলের লাহোর নগরীতে নিয়ে আসা হবে। চির বৈরী প্রতিবেশী এ দেশ দুটির মধ্যে একমাত্র লাহোর সীমান্ত ক্রসিং চালু রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মহিলা মুখপাত্র এক টুইটার বার্তায় বলেন, ‘৩৫ জেলেসহ মোট ৪০ ভারতীয়কে আগামীকাল মুক্তি দেবে ইসলামাবাদ। এ নিয়ে চলতি বছর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়া ভারতীয় বন্দীর সংখ্যা হবে ১৯১।

এক সপ্তাহ আগে পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের দায়ে ৬০ ভারতীয় জেলেকে আটক করে ইসলামাবাদ।

উভয় দেশ প্রায়ই এ ধরণের গ্রেফতার করে থাকে। আরব সাগরে উভয় দেশের নৌ-সীমানা সঠিকভাবে নির্ধারিত না থাকা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে জেলেরা তাদের নির্দিষ্ট সীমানা চিহ্নিত করতে না পারার কারণে এ ধরণের আটকের সম্মুখীন হচ্ছে।

এমএ