ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন।

বুধবার সকালে রাজ্যের গন্ডিয়া এলাকার ' বিন্দাল প্লাজা' নামের একটি হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে বলে গরচিরোলি রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক এসটি বোদাখের বরাতে জানিয়েছে এনডিটিভি।

গন্ডিয়ার শহরের ব্যস্ততম মার্কেটগুলি যে স্থানে অবস্থিত সেখানে একটি গলির মধ্যে থাকা হোটেলটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ছুটে যায়। কিন্তু গলিটি সরু হওয়ায় হোটেলের কাছে পৌঁছতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে।

আগুন লাগার সময় হোটেলটির দুটি কক্ষে একটি বিয়ের ১৫ জন বরযাত্রী অবস্থান করছিলেন। তাদের মধ্যে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের মৃতদেহ তাদের কক্ষে পাওয়া গেছে। আরও দুজনের মৃতদেহ এত বেশি পুড়ে গেছে যে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে আগুন থেকে বাঁচতে হোটেলটির তৃতীয় তলা থেকে এক ব্যক্তি লাফিয়ে নিচে পড়েন। নাগপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এমই