পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফ আগামীকাল রোববার যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
সফরকালে পাকিস্তানে বেসামরিক-সামরিক শক্তির ভারসাম্যহীনতা এবং ইসলামাবাদ ও ওয়াশিংটন এ অঞ্চলে যে ধরণের নিরাপত্তা ইস্যুর সম্মুখীন হচ্ছে তা নিয়ে আলোচনা হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
জেনারেল রাহিল শরিফ ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের কয়েক সপ্তাহ পর দেশটির সেনাপ্রধান এ সফর করছেন।
আফগান শান্তি আলোচনা ও পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাক্সক্ষা নিয়ে বারাক ওবামার সঙ্গে শরিফের যেসব ইস্যুতে আলোচনা হয়েছিল একই ইস্যু নিয়ে সেনাপ্রধানের সঙ্গেও আলোচনা হতে পারে।
পাকিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ তালাত মাসুদ বলেন, আমেরিকানরা জানে ক্ষমতা কোথায়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক নিয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে রাহিল শরিফের বিস্তারিত আলোচনা হবে।
চলতি সপ্তাহে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান তার যুক্তরাষ্ট্র সফরকালে নতুন উদ্ভাবিত আঞ্চলিক বাস্তবতায় পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন।
অপর এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘আমরা বুঝি যে আন্তর্জাতিক শক্তি ও ভারত আমাদের স্বল্পমাত্রার পারমাণবিক অস্ত্র নিয়ে শঙ্কিত।’ তিনি বলেন, শরিফের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র বিষয়টি উত্থাপন করতে পারে।
তিনি বলেন, সেনাপ্রধান যুক্তি দিয়ে তুলে ধরবেন যে ভারতের হুমকি মোকাবেলায় পাকিস্তানের অবশ্যই পারমাণবিক সক্ষমতা থাকতে হবে। সূত্র: বাসস।
এমকে





