মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হুথিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করলে বা বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তা ‘চরম সীমা লঙ্ঘন’ হবে। এমন পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার কথাও জানান তিনি।
হুথি সামরিক উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র বিমান হামলা বা আকাশপথে সহায়তার মাধ্যমে সৌদি আরবের পক্ষ নিলে তাদের আশপাশে থাকা যেকোনো মার্কিন স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে মার্কিন জাহাজের জন্য বাব আল-মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।
এর আগে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুথিরা। সংঘাতের মধ্যে শত শত সৈন্য নিহত হওয়ার পাশাপাশি হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি রাজধানী রিয়াদও আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বিভিন্ন সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে, গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরুর পর সৌদি আরব ইয়েমেনে শত শত বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথিরা।
ইরানের কাছ থেকে নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করে আল-থাওর বলেন, ইরান তাদের বন্ধু ও মিত্র হলেও হুথিরা নিজেদের সিদ্ধান্ত ও সার্বভৌমত্বের ক্ষেত্রে স্বাধীন।
এদিকে, ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী কয়েক মাসে ১ লাখ ৩০ হাজার থেকে বেড়ে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
সূত্র: এএফপি।
এস





