গুলশানে হামলার জের ধরে এখন বিশ্বব্যাপী আলোচনায় জাকির নায়েক ও তার টেলিভিশন চ্যানেল পিস টিভি। হামলাকারীদের দুজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর ভারতে পিস টিভি বন্ধের দাবি উঠেছে।

এর প্রেক্ষাপটে মুম্বাইভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিতে পারে ভারত সরকার।

এরই মধ্যে ভারত সরকারের তরফে এ ধরনের তৎপরতা শুরু হয়েছে বলেও আভাস দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদে বলা হয়- সম্প্রচারের অনুমতি নেই এমন সব চ্যানেলের ব্যাপারে কঠোর হচ্ছে ভারত সরকার। ওইসব চ্যানেল প্রচারকারী ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, জাকিরের ওই চ্যানেল দুবাই থেকে সম্প্রচার করা হয়। ভারতের কিছু অংশে তা দেখা যায় কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে। চ্যানেলের নথিবদ্ধ সদর দফতর মুম্বাইয়ে। এমন প্রেক্ষাপটে পিস টিভি নিয়ে আলাদা করে তদন্ত শুরু হয়েছে। রাজ্যগুলোকে পিস টিভির সম্প্রচার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জাকির নায়েকের বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠায় ব্রিটেন ও কানাডাসহ কয়েকটি দেশে অনেক আগেই পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে।

এর আগে সমাজে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে এমন অভিযোগ এনে বাংলাদেশেরও পিস টিভি বাংলার সম্প্রচার বন্ধের দাবি উঠে বিভিন্ন মহল থেকে।

এমআইএস