চীনের নেতৃত্বাধীন নিরাপত্তা জোট, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’তে যোগ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ও ভারত। চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী চেং গুপিং আজ (সোমবার) এক সংবাদ ব্রিফিং-এ একথা জানিয়েছেন।  আগামী ৯ ও ১০ জুলাই রাশিয়ায় এসসিও’র শীর্ষ সম্মেলন হবে এবং এ সম্মেলনে এ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এসসিও’র প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেক আঞ্চলিক দেশ এ জোটে যোগ দিতে শুরু করেছে। পাকিস্তান ও ভারতকে অন্তর্ভুক্ত করা হলে তা এসসিও’র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নেও এ জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চেং আরো জানান, রাশিয়ায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন এবং এতে আফগানিস্তানের নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হবে। 

চীন, রাশিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং কিরগিজস্তানকে নিয়ে এসসিও গঠিত। এ সংস্থার পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে পাকিস্তান, ভারত, ইরান, আফগানিস্তান এবং মঙ্গোলিয়া।

আফগানিস্তান থেকে সৃষ্ট উগ্রবাদ এবং মাদক চোরাচালান নির্মূলের লক্ষ্য নিয়ে প্রথম এ জোট গঠন করা হয়েছিল। ২০০১ সালের পর এই প্রথম এসসিও’র সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। সূত্র: রেডিও তেহরান

ইআর