ভারতে মাওবাদী হামলায় উপেন্দ্র সাহু ও দেবেন্দ্র সিং জনার্দন নামে ছত্তিশগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ান নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকালে ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার মারদুম থানা এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটে, খবর এনডিটিভি।

এই হামলায় শেখ মুজিবুর রহমান নামে আধাসামরিক বাহিনীর এক জওয়ানও আহত হয়েছেন। আহত ওই জওয়ানকে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জওয়ানদের লাশ এদিন সন্ধ্যার দিকে ডিমরাপাল হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে আজ (১৫ মার্চ) রোববার তাদের গার্ড অব অনার দেয়া হয়। নিহত জওয়ান উপেন্দ্র সাহু’র বাড়ি ছত্তিশগড়ের জগদলপুরের পাথরগুড়ায়। দেবেন্দ্র সিং জনার্দনের বাড়ি মধ্যপ্রদেশের সাতনা জেলায়। দেবেন্দ্র সিংহের লাশ রোববার তার নিজ গ্রামে পাঠানো হয়।

পুলিশের আইজি সুন্দররাজ পি বলেন, বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তা নির্মাণকাজের নিরাপত্তার জন্য যৌথবাহিনী নিয়োগ করা হয়েছিল। এ সময় মাওবাদীদের পেতে রাখা বোমার আঘাতে দুই জওয়ান নিহত এবং আরেক জওয়ান গুরুতর আহত হন। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত জওয়ান পাঠানো হয়।

পুলিশের আইজি বলেন, বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় কোনো পুলিশি তৎপরতা ছিল না। জানুয়ারি থেকে সেখানে পুলিশ ক্যাম্প খোলা হয়েছে।

এছাড়া বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজ চলতে দেখে নকশালরা ক্ষুব্ধ হয়েছে। মাওবাদীরা এখানে আগেও ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে।

তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একনাগারে ডিআরজি, এসটিএফ ও সিএএফ জওয়ানরা অপারেশন চালাচ্ছেন বলেও পুলিশের আইজি সুন্দররাজ পি জানান।

এমবি