বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ছাড়িয়ে গেছে।

আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৩০ হাজার ৪০৫ জন। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৩৭ হাজার ৬৫৩ ব্যক্তি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।

দেশটিতে করোনায় আক্রান্ত ৮৩ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ২২ হাজার ৬৩ জন মৃত্যুবরণ করেছেন।

এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৬ লাখ ৫১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৯১৪ জন। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখ ৯৮ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪০৩ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭২৩ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯ হাজার ৪৪৫ জন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি