সৌদি আরবে সন্ত্রাসী সন্দেহে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।
রবিবার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ খবর দিয়েছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দৈনিকটি জানায়, গত সপ্তাহের সোমবার (২৫ জানুয়ারি) সন্দেহভাজন চার মার্কিনিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারপর গত চারদিনে আটক করেছে আরও পাঁচজনকে।
আটক ৩৩ জনের মধ্যে নয়জন আমেরিকান ছাড়াও রয়েছেন ১৪ সৌদি, তিন ইয়েমেনি, দুই সিরিয়ান, এক ইন্দোনেশিয়ান, এক ফিলিপিনো, এক আমিরাতি, এক কাজাখ ও এক ফিলিস্তিনি।
তবে, এই সন্দেহভাজনরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গেজেট। বেশ ক’মাস ধরে সৌদিতে প্রাণঘাতী আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএস।
মার্কিনিদের আটকের বিষয়ে অবগত রয়েছে রিয়াদের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ওয়াশিংটন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, সৌদি আরবে কিছু অভিযোগে কয়েকজন আমেরিকানকে আটকের বিষয়ে আমরা অবগত। পররাষ্ট্র দফতর তার দায়িত্ব পালন করছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এমএম





