মুসলিম শিক্ষার্থীদের জন্য কলেজ প্রাঙ্গণে বোরকা পরা নিষিদ্ধ করেছে ভারতের একটি কলেজ।
নতুন ড্রেস কোডে বোরকার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পাটনার জে ডি মহিলা কলেজে।
শনিবার (২৫ জানুয়ারি) পাটনার জেডি মহিলা কলেজের নোটিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নোটিশে বলা হয়, ‘সব শিক্ষার্থীকে কলেজে নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করে কলেজে আসতে হবে। কলেজে বোরকা পরতে শিক্ষার্থীদের নিষেধ করা হচ্ছে।’
এ আদেশ অমান্যকারীদের ভারতীয় ২৫০ রুপি (বাংলাদেশি ২৯৭ টাকা প্রায়) জরিমানার কথা উল্লেখ করা হয়।
কলেজটির প্রধান বীণা অমৃত স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত বছরের সেপ্টেম্বরে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের সেন্ট ফ্রান্সিস মহিলা কলেজে শিক্ষার্থীদের পোশাক নিয়ে এমনই এক নির্দেশনা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়।
এএস





