ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দুদিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে আসছেন। আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জুকারবার্গের বৈঠক হবে বলে ধারনা করা হচ্ছে।
ফেসবুকের প্রসার ও ইন্টারনেটে ব্যবহারের পরিধি বাড়াতে তার এই সফর বলে ধারনা করা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআই জানায়, নয়াদিল্লিতে ইন্টারনেট-বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন জুকারবার্গ। ৯ ও ১০ অক্টোবর এই সম্মেলন হবে।
যুক্তরাষ্ট্রের পর ভারত ফেসবুকের দ্বিতীয় বৃহত্তম বাজার। এর আগে গত জুলাইয়ে ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ ভারত সফর করেন। তিনি ও মোদির সঙ্গে বৈঠক করেন।
জুকারবার্গ তাঁর ভারত সফরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম ইন্টারনেট ডট ওআরজি সম্মেলনে অংশ নেবেন। বিশ্বের সব মানুষের কাছে ইন্টারনেটকে সহজ লভ্য করাই ইন্টারনেট ডট ওআরজির লক্ষ্য।
ইন্টারনেট-বিষয়ক এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে জুকারবার্গ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ইন্টারনেট ডট ওআরজিতে ফেসবুক ও ভারত সরকার কীভাবে অবদান রাখতে পারে—মোদির সঙ্গে জুকারবার্গের বৈঠকে তা আলোচিত হতে পারে।
ইআর





