ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১২ জন।

শনিবার রাজ্যের সিরমোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন শিক্ষার্থী। অপরজন বাসটির চালক।

সিরমোর জেলার সংগ্রহ শহরের ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

পুলিশ জানিয়েছে, চালকসহ ১৯ জন শিক্ষার্থী ছিল বাসটিতে। দুর্ঘটনায় চালক এবং ছয় খুদে শিক্ষার্থীর নিহত হয়।

সিরমোরের এসপি রোহিত মালপানি বলেন, ঘটনাস্থলেই সমীর (৫), আদর্শ (৭), কার্তিক (১৪) এবং চালক রাম স্বরূপ (৪০)-এর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় অভিষেক ও তার বোন সঞ্জনা, কার্তিক চৌহানকে নাহান মেডিক্যাল কলেজে ভর্তির পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, আহত বাকি শিক্ষার্থীরা নাহান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ডিএসপি ববিতা রাণা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শিক্ষার্থীদের দেখতে নাহান মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছেন হিমাচল প্রদেশের বিধানসভার অধ্যক্ষ রাজীব বিন্দল। সূত্র: জি নিউজ।

জেড