আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের অন্যতম তেল উৎপাদক দেশ সৌদি আরব দেউলিয়া হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইনডিপেনডেন্টের অনলাইনে জানানো হয়েছে,  সৌদি আরবের ৯০ শতাংশ আয় আসে তেল বিক্রি থেকে। তেলের দাম আশঙ্কাজনক হারে কমতে থাকায় দেশটি আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। দেশটির বিদ্যমান আর্থিক সম্পদ আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হতে পারে। ফলে এ সময়ের মধ্যে দেশটির দেউলিয়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবছরের মতো এ বছর অক্টোবরেও বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে আইএমএফ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ২০১৫ সালে ‘সাধারণ সরকারি সার্বিক আর্থিক ভারসাম্য’ সূচকে ২১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক অবস্থানে থাকবে। আর ২০১৬ সালে দেশটির আর্থিক ভারসাম্য ১৯ দশমিক ৪ শতাংশ নেতিবাচক হতে পারে। দেশটি ২০১৪ সালের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ আর্থিক ভারসাম্য হারাবে এই দুই বছরে।

দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, বর্তমানে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৫০ কোটি ডলার। তবে তা দ্রুতই ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করছে আইএমএফ।

এমএ