বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণকে ভারতের জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দেশটির সরকার এটি জানিয়েছে। খবর এনডিটিভির।

এর আগে ভারতের মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (এসিসি) এই পদে দুই বছরের জন্য পঙ্কজ শরণের নিয়োগ অনুমোদন করে। চুক্তিভিত্তিক এই নিয়োগ সরকার চাইলে দুই বছর পর আবার পুনর্নবায়ন করতে পারবে। বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র এই কূটনীতিক।

পঙ্কজ শরণ ১৯৮২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন। গত বছর তাকে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

২০১২ সালের জুলাই মাসে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসা পঙ্কজ শরণের সময় দু’দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়। এসময় তিনি তার বাংলাদেশের মেয়াদে বহু ভিআইপি সফর সামাল দিয়েছেন। দুদেশের মধ্যে বিভিন্ন চুক্তির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সাবেক ইন্টিলিজেন্স ব্যুরো প্রধান অজিত দোভাল।

জেড