মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিসের ঢাকা সফর শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

স্থগিতের কারণ হিসাবে ওয়াশিংটনে ‘খারাপ আবহাওয়া’কে দায়ি করা হয়েছে।  ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের এ কর্মকর্তা দু’দিনের সফরে আগামীকাল রোববার ঢাকা আসার কথা ছিল।

লিসা কার্টিসের ঢাকা সফর নিয়ে কয়েকদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। তার সফর নিয়ে মার্শা বার্নিকাট গত মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সাথে বিস্তারিত আলোচনা করেন।

সফরকালে তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাত এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার ছিল। কিন্তু এর পরদিনই সফরটি স্থগিত হওয়ার খবর আসে। আবার পরে সফর হবে বলে জানানো হয়েছে।

আজ শনিবার এ সফর চূড়ান্তভাবে স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব গত জুনে ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউসে লিসা কার্টিসের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন। সে সময় তিনি কার্টিসকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।

কর্মসূচি অনুযায়ী ঢাকা সফর শেষে কার্টিসের দিল্লি যাওয়ার কথা ছিল।

লিসা কার্টিস নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের এ প্রতিনিধির ঢাকা সফরে সন্ত্রাস দমনে সহযোগিতা’সহ দুই দেশ নিরাপত্তাবিষয়ক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হয়েছিল।

কার্টিস ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার আগে প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনে প্রায় ১১ বছর কাজ করেছেন।

এমবি