ভারতের ছোট্ট একটি রাজ্য গোয়া। আয়তনের হিসাবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কণ (মারাঠি कोकण) নামের অঞ্চলে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে পর্যটকদের ভিড় সারাবছরই লেগে থাকে।
আরব সাগরের তীরে ভারতের ছোট্ট রাজ্য গোয়া। গোয়ার প্রধান আকর্ষণ সেখানকার সমুদ্র সৈকত। কিন্তু সে রাজ্যের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেইরো মনে করেন, দিনে দিনে ভারতের 'যৌনতার রাজধানী' হয়ে উঠছে গোয়া।
প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেইরো মনে করছেন, দিনে দিনে ভারতের ‘সেক্স ক্যাপিটাল’ হয়ে উঠছে গোয়া। শুধু তাই নয়, ছবির মতো দেখতে সমুদ্র সৈকতের এই রাজ্য ‘পাপের শহরে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ জন্য সরাসরি দায়ী করেছেন গোয়ার বিজেপি পরিচালিত সরকারকে।
সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, সোমবার ভারতের গোয়া বিধানসভায় পর্যটন বিভাগে অনুদান মঞ্জুরের বিষয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশ নিতে গিয়েই এ কথা বলেছেন কংগ্রেসের ওই বিধায়ক।
তিনি বলেন, ‘ক্যাসিনো, মাদক ও যৌনব্যবসার লাগামহীনতা গোয়াকে পাপের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে আমরা ভারতের যৌনতার রাজধানীতে পরিণত হব। তারপর দেশের মাদকের রাজধানীতে।'
এই সবের কারণ হিসাবে তিনি সরাসরি আঙুল তুলেছেন বিজেপি পরিচালিত সরকারের কর্মকাণ্ডের দিকে। তাঁর অভিযোগ, রাজস্বের লোভেই এই সব কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত নিয়ে কোনও পদক্ষেপ করছে না বর্তমান সরকার।
এএস





