ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনার মধ্যে ইরানে ভূমিকম্প হয়েছে।
ইরানে অবশ্য এমন ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে।
স্থানীয় সময় আজ (০৮ জানুয়ারি) বুধবার সকালে ইরানের বুশেহের অঞ্চলে পরমাণু স্থাপনার কাছাকাছি ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ খবর জানিয়েছে।
এদিকে, ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের পর ১৮০ আরোহীসহ ইউক্রেনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
তবে বিধ্বস্ত হওয়ার পর বিমানের যাত্রী ও ক্রুদের অবস্থা কী, তা জানা যায়নি।
গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এর প্রতিশোধে গতকাল মঙ্গলবার রাতে ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ১৩টি রূপরেখা উত্থাপিত হয়েছে, এগুলো নিয়ে কাজ চলছে।
এর মধ্যে ইরানের সবচেয়ে দুর্বল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃস্বপ্ন হিসেবে দেখা দেবে। তিনি আরও বলেন, প্রতিশোধের জন্য ১৩টি রূপরেখা এসেছে। তবে এখনই এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান।
আলী শামখানি বলেন, জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ কেবল একটি অভিযানের মাধ্যমে নেয়া হবে না বরং প্রতিরোধ ফ্রন্টের সব যোদ্ধা মিলে এর প্রতিশোধ নেবে।
তিনি আরও বলেন, ইরান সীমান্তের খুব কাছেই আমেরিকার ১৯টি ঘাঁটি রয়েছে। এগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেখানকার জনশক্তি ও সামরিক সরঞ্জাম সম্পর্কে আমাদের হাতে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে এবং তাদের ছোট-বড় সব ধরণের তৎপরতা নজরদারি করা হয়েছে।
এমবি





