মিয়ানমারে যাত্রীবাহী ফেরিডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আরও ২৬ জন নিখোঁজ রয়েছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দেয়।
খবরে বলা হয়, ‘অং টাকন’ নামে একটি ফেরি দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় বৃহস্পতিবার। ফেরিটি কাইয়ুকফিউ থেকে পশ্চিমের রাখাইন রাজ্যের দিকে যাচ্ছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘আমরা ২১টি লাশ পেয়েছি। এর মধ্যে ২ জন পুরুষ ও ১৯ জন নারী।’
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখনো ২৬ যাত্রী নিখোঁজ রয়েছেন।’ তিনি জানান, এ পর্যন্ত ১৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফেরিটিতে কোনো বিদেশী যাত্রী ছিল না বলে জানা গেছে।
পুলিশের ওই কর্মকর্তার ধারণা— অতিরিক্ত যাত্রী বহন করাই কাল হয়েছে ফেরিটির। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।
মিয়ানমারে এর আগে ২০১০ সালে এক ফেরিডুবিতে ১০ জন মারা গিয়েছিলেন। তারও দুই বছর আগে ২০০৮ সালের এক নৌকাডুবিতে ৩৮ জন প্রাণ হারিয়েছিলেন।
জেএ





