মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি লক্ষ্য করে হামলা চালায়। সেন্টকোমের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্সের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি জাহাজের খুব কাছাকাছি আসার আগেই আকাশে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরের আকাশে ঘোরাফেরা করছিল এবং সে কারণেই মার্কিন নৌবাহিনী সেটিকে ধ্বংস করে। ড্রোনটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে জাতিসংঘে ইরানের মিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে ইরানে সরকারবিরোধী আন্দোলন জোরালো হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একাধিক যুদ্ধজাহাজ নিয়ে একটি বড় নৌবহর রওনা দেয়। ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ বাড়াতেই এই নৌবহর মোতায়েন করা হয়েছিল। বর্তমানে নৌবহরটি আরব সাগরে অবস্থান করছে।

এদিকে এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নতুন করে গতি পেয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার।

প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রয়টার্স

এনএইচ