গতকাল সোমবার (২৪ জুন) রাখাইন রাজ্যের উপকূলীয় শহর নাগাপালির থান্ডওয়ে বিমানবন্দর দখলে নিয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। আরাকান আর্মির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।

থান্ডওয়ে বিমানবন্দর বিখ্যাত এনগাপালি সমুদ্র সৈকতের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু হওয়ার পর এবারই প্রথমাবের মতো কোনো বিমানবন্দর দখলে নিলো জাতিগত সশস্ত্র গোষ্ঠী।

তবে আরাকান আর্মির তরফ থেকে থান্ডওয়ে বিমানবন্দর দখলের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এ ছাড়া থান্ডওয়েতে দুপক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের বিষয়ে মুখ খুলেনি জান্তা সরকার। তবে সামরিক সরকার ঘেঁষা টেলিগ্রাম চ্যানেলে থান্ডওয়ে বিমানবন্দর পতনের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

২০২৩ সালের নভেম্বর মাস থেকে স্বায়ত্তশাসনের দাবিতে রাখাইনে জান্তা বাহিনীর ওপর হামলা করে আসছে আরাকান আর্মি। ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চল জান্তার হাত থেকে নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ফলে বিরোধীদের চাপে জর্জরিত জান্তা সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে চলেছে আরাকান আর্মি।

এমএইচ