বহুল আলোচিত ইসলাম ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক ভারতে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশংকা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, ভারতে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় জাকির নায়েককে সেখানে ফেরত পাঠানো হবে না। তবে যদি অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে চায়, তাহলে আমরা তাদের স্বাগত জানাব। 

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা ও মালয় মেইল জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মাহাথির মোহাম্মদ এই আশঙ্কা প্রকাশ করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, অর্থপাচার এবং সন্ত্রাসবাদের উসকানির অভিযোগের মামলায় জাকির নায়েককে ভারতে পাঠালে তিনি হত্যার শিকার হতে পারেন।

ড. মাহাথির মোহাম্মদ আরও বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো, আমরা তাকে (জাকির নায়েক) ফেরত পাঠাতে পারি না। কেননা তিনি হত্যার ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই তিনি (জাকির নায়েক) আজ এখানে, তবে কোন দেশ যদি তাকে নিতে চায়, তবে আমরা তাদের স্বাগত জানাব।

এদিকে, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়ার পক্ষে কথা বলেছিলেন সেদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এম কুলাসেগারান। তিনি মন্ত্রিসভার কাছে ওই প্রস্তাব দিয়েছিলেন। জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দেয়া উচিত নয় বলে মন্তব্যও করেছিলেন।

বুধবার (১৪ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে তারা এই দাবি জানান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের মুসলিমদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের তুলনা টানেন তিনি। জাকির নায়েক বলেন, “ভারতের মুসলিমদের থেকে মালয়েশিয়ার হিন্দুরা এখানে দ্বিগুণ সুযোগ-সুবিধা পান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহম্মদের থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত এখানকার হিন্দুরা।”  

তার এই মন্তব্যের পর সবর হন সেদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, “মালয়েশিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। তাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছেন জাকির নায়েক।”

জাকির নায়েক ভারতীয় নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। তিনি কয়েক বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। মালয়েশিয়ায় তিন বছর ধরে থাকছেন তিনি।

এমবি