ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে জনগণের অবস্থানেরই বহিঃপ্রকাশ ঘটল যুক্তরাজ্যে করা সাম্প্রতিক জরিপে। চাথাম হাউসের করা নতুন এক জরিপে দেখা গেছে ব্রিটিশদের অপছন্দের দেশের তালিকায় ২ নম্বরে রয়েছে ইসরায়েল।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ শতাংশই ইসরায়েলকে তাদের অপছন্দের তালিকায় ফেলেছে। ২০১২ সালে ১৭ শতাংশ ব্রিটিশ অপছন্দের তালিকাভুক্ত করেছিল দেশটিকে।
বিশেষজ্ঞদের ধারণা, গত বছরের জুলাই-আগস্টে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের একতরফা বর্বর আক্রমণের কারণেই দেশটির প্রতি জনগণের বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।
জরিপে ২০১৪ সালে ব্রিটিশদের অপছন্দনীয় দেশের তালিকায় উত্তর কোরিয়া রয়েছে প্রথমে। ৩ নম্বরে রয়েছে ইরান। এ ছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা, চীন ও মিসর রয়েছে এই তালিকায়।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ তালিকায় রয়েছে রাশিয়া, ইউক্রেন ও তুরস্ক।
অপছন্দের তালিকায় ইসরায়েলের নাম থাকলেও দেশটিকে পছন্দ করা ব্রিটিশদের সংখ্যাও কিন্তু কম নয়। গত বছরের তুলনায় এ হার ১ শতাংশ বৃদ্ধিও পেয়েছে। এমনকি পছন্দের দেশের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে দেশটি।
ব্রিটিশদের কাছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানও অনেকটা দেশটির মতোই। পছন্দের তালিকায় ৩ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র অপছন্দের তালিকায় রয়েছে ৯ নম্বরে।
এএইচ





