পাকিস্তানে চলমান রাজনৈতিক সঙ্কট তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই সঙ্কট নিরসনে এবার এগিয়ে আসছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

নিজ দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে রাজধানীতে শান্তি ফেরাতে চান তিনি।

ক্ষমতাসীন নওয়াজ শরীফ-সরকারের বিরোধী হওয়া স্বত্ত্বেও শুধুমাত্র ‘গণতন্ত্র রক্ষায়’এমন ভূমিকা নিচ্ছেন জারদারি, পিপিপির পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

পিপিপি-সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন লিখেছে, বুধবার ইসলামাবাদে সশরীরে উপস্থিত থাকবেন দলটির সহ-সভাপতি। এজন্যই তিনি চীন থেকে করাচিতে ফিরেছেন সোমবার।

চলমান টেনশন কমানোর পথ খুঁজতে জারদারি বুধবার ইসলামাবাদে তার বাসায় নিজ দলের নেতাকর্মী ও অন্যান্য দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন বলে খবরে বলা হয়েছে।

সর্বশেষ এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাব মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের (নওয়াজের ভাই) পদত্যাগ দাবিতে সরকারবিরোধী আন্দোলনের শুরু হয়। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। সঙ্গে পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান তাহিরুল কাদরি।

১৫ আগস্ট থেকে সরকারপতনের এই আন্দোলন চলছে।

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ