খবরে বলা হয়েছে, গত জুলাইয়ে এই রাফাল যুদ্ধবিমানগুলো ফ্রান্সের থেকে কেনার প্রস্তাবে অনুমোদন দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রাথমিকভাবে এগুলি সংযুক্ত করা হবে ভারতে তৈরি করা যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের সঙ্গে।

সম্প্রতি প্যারিস গিয়েছিলেন রাজনাথ সিং। তার সেই সফরের সময়েই এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, ফ্রান্সের সংস্থা দাসোর থেকে দুই দেশের মধ্যে সরকারি স্তরে এই যুদ্ধবিমান কেনার বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে ফ্রান্সকে। সেদেশের জবাব পেলেই দাম এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

চলতি মাসের গোড়ার দিকে দিল্লি এসেছিলেন দাসোর চেয়ারম্যান এবং সিইও ইরিক ট্রাপিয়ার। গত জুলাইয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, যুদ্ধবিমান এবং অন্যান্য অস্ত্র কেনা হবে দুই দেশের সরকারি স্তরে আলোচনার পর। ফ্রান্সের থেকে বিমানবাহিনীর জন্য এখন পর্যন্ত ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছে ভারত। ভারতের বিমানবাহিনীর জন্য দুটি যুদ্ধবিমান কেনা হতে পারে বলে খবর।

এনএইচ