ভারতের পশ্চিমবঙ্গে ৪৯টি আসনে শুরু হয়ে গেল চতুর্থ দফার ভোটগ্রহণ,সকাল সাড়ে ৬টা বাজতে না বাজতে বুথ গুলোর সামনে দেখা গেল লম্বা লাইন। এর মধ্যেই অবশ্য বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে।

যে দু’টি জেলায় আজ ভোট হচ্ছে গত দু’ই নির্বাচনের ফলাফল অনুযায়ী সেই দুই জেলাই তৃণমূলের শক্ত ঘাঁটি। কিন্তু তাতেও বোধহয় কমছে না শাসকের আতঙ্কটা।

সারদা, নারদা, আর ভাঙা উড়ালপুরের ত্রিফলা আক্রমণে নাজেহাল শাসক, বিরোধী ভোট আটকাতে , আপাত সুরক্ষিত গড়েও নির্বাচন কমিশনের নজরদারি এড়িয়ে প্রায় সারা রাত ধরেই চোরাগোপ্তা হুমকি চালাল ।

উত্তর ২৪ পরগণার গোবরডাঙায় গভীররাতে সিপিএম কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ আনা হয়েছে। ভোট শুরু হতে না হতেই খড়দায় কেন্দ্রীয় বাহিনীর সামনে মার খেলেন দুই সিপিএম এজেন্ট।

আজ ভোট হচ্ছে দুই জেলা হাওড়া ও উত্তর ২৪ পরগনার মোট ৪৯টি বিধানসভা আসনে। যার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ৩৩টি আসন।

আর হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্র। এই পর্বের ভোটে ভাগ্য পরীক্ষা হবে অনেক রথী-মহারথীর। যাঁদের মধ্যে রয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেক ‘হেভিওয়েট’ মন্ত্রী।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অমিত মিত্র, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, উপেন্দ্রনাথ বিশ্বাস, অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো মন্ত্রীরা।

রয়েছেন নির্মল মাঝি, হায়দর আজিজ সফি, অর্জুন সিংহ, জটু লাহিড়ি, পরশ দত্ত, তাপস রায়, সুজিত বসু ও সব্যসাচী দত্তের মতো নেতারা।

জেল থেকেই আজ কামারহাটি বিধানসভা আসনে লড়বেন তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র। বীজপুরে লড়বেন তৃণমূলের একদা ‘নাম্বার টু’ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়।

তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল, প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া এবং অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

বিজেপি, কংগ্রেস ও বামপন্থীদেরও জনাকয়েক হেভিওয়েট নেতার ভাগ্য পরীক্ষা হবে আজ। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি-র শমীক ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়, আর কে হান্ডা।

রয়েছেন কংগ্রেসের অরুণাভ ঘোষ, সন্তোষ পাঠক। আর বামপন্থী প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, সিপিএমের বর্ষীয়ান নেতা নেপালদেব ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য ও আবদুস সাত্তার।

এসএম