ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তো শপথ নেওয়ার চারদিনের মাথায় দেশটিতে কমপক্ষে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৪৫ সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ফিলিপানের সবচেয়ে বড় টেলিভিশন চ্যানেল এবিএস-সিবিএন সোমবার জানিয়েছে, রাজধানী ম্যানিলার কাছে বালাকান প্রদেশে মাদক ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট কমপক্ষে ২৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কর্মকর্তারা দাবি করেছেন, এসব ব্যক্তি গ্রেফতার এড়াতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল।
গত মে মাসে নির্বাচনে বিজয়ের পর বৃহস্পতিবার ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দুয়ের্তো। ওই সময় তিনি তার সমর্থকদের মাদকব্যবসায়ীদের হত্যার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘ মাদকব্যবসায়ীদের নিজের হাতে খুন করুন, যেহেতু এটা তাদের অভিভাবকের জন্য করা কষ্টদায়ক।’
ম্যানিলায় আঞ্চলিক পুলিশ প্রধান অস্কার আলবাইল্ড জানিয়েছেন, রোববার শ্যান্টিটাউনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ মাদকব্যবসায়ী নিহত হয়েছে।
পাসিগ জেলায় পৃথক অভিযানে নিহত হয়েছে আরো দুজন। এছাড়া রোববার সকালে ম্যানিলা সেতুর কাছে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মুখে স্কচটেপ দিয়ে আটকানো ছিলো। তাদের গায়ে ফিলিপাইনি ভাষায় লেখা ছিলো- ‘আমার উদহারণকে অনুসরণ করবেন না। আমি মাদকব্যবসায়ী।’
জেড





