ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের কোনো লড়াই নেই এবং তেহরান কোনো দ্বন্দ্ব-সংঘাত চায়ও না।

তিনি আরো বলেছেন, প্রতিবেশী দুটি দেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

জাওয়াদ জারিফ বলেন, “আমরা বিশ্বাস করি ইরান ও সৌদি আরব এ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ দেশ হতে পারে যারা পরস্পরকে গ্রহণ এমনকি পরস্পরের সম্পূরক হতে পারে।” মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে তিনি এসব কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি না, এমনকি সৌদি আরব এ অঞ্চল থেকে ছিটকে পড়ুক -এমন কোনো আগ্রহও আমাদের নেই।

কারণ সৌদি আরব হচ্ছে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি দেশ। কিন্তু দুঃখজনকভাবে পশ্চিমা সমর্থিত সৌদি আরবের মধ্যে এক ধরনের মোহ দেখা যাচ্ছে যে- তারা আঞ্চলিক সমীকরণ থেকে ইরানকে বাদ দিয়ে দিতে চায়।”

পরমাণু চুক্তির পর ইরান ও পশ্চিমা কয়েকটি দেশের মধ্যকার অচলাবস্থা নিরসনে সৌদি আরব চিন্তিত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গত ৩ জানুয়ারি সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদের পর সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং তেহরানের সঙ্গে রিয়াদ সম্পর্ক ছিন্ন করেছে। এছাড়া, ইরান-বিরোধী জোট গঠনের জন্য সৌদি আরব ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

এসএইচ