আফগানিস্তানে রাজধানী কাবুলের সুরক্ষিত নির্বাচন কমিশনের সদরদপ্তরে শনিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে।
নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এ হামলা চালানো হল। কাবুলে এর আগে ধারাবাহিক হামলা চালানো হয়।
কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আশেপাশের ভবনগুলো থেকে রকেট ও গুলির শব্দ শোনা গেছে।
স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি)’র মুখপাত্র নূর মোহাম্মদ নূর এএফপিকে বলেন, ‘আমি আইইসি’র সদরদপ্তরে হামলার বিষয়টি নিশ্চিত করছি।’
তিনি আরো বলেন, ‘আমরা আইইসি কম্পাউণ্ডের ভেতর থেকে দুটি বিস্ফোরণে শব্দ শুনেছি। এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে সাধারণ মানুষ নিরাপদে রয়েছে।’
তালেবান এ হামলা চালিয়েছে বলে তাদের টুইটার অ্যাকাউন্টে দাবি করেছে।
বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা কাবুলের আরেকটি আইইসি কার্যালয়ে হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিক্কি বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে যে তিন থেকে চার জন জঙ্গি ভবনটি দখল করে আইইসি কার্যালয় লক্ষ্য করে গুলি চালায়।’
ওই স্থানে নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতির সম্পর্কে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
কাবুলের একটি অতিথিশালায় তালেবান জঙ্গিদের হামলার এক দিন পর শনিবারের হামলাটি চালানো হয়। অতিথিশালায় হামলায় দুই জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের একটি স্থলমাইন বিরোধী দাতব্য সংস্থা অতিথিশালাটি ব্যবহার করত।
এই নিয়ে চলতি বছর কাবুলে বিদেশী বা তাদের আবাসস্থল লক্ষ্য করে চার দফা হামলা চালানো হল। সূত্র: বিবিসি, এএফপি।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
আফগান নির্বাচন কমিশন সদরদপ্তরে তালেবান হামলা
আফগানিস্তানে রাজধানী কাবুলের সুরক্ষিত নির্বাচন কমিশনের সদরদপ্তরে শনিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এ হামলা চালানো হল





