ভারতের ইনডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি হায়দরাবাদের (আইআইটিএইচ) শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান। স্বভাবতই কালো গাউন আর কালো রঙের ক্যাপ পরিহিত শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করতে দেখা যাওয়ার কথা। কিন্তু কালো রঙের দেখা মিললো না।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছেন ঠিকই তবে তাদের পরণে নেই সমাবর্তনের জন্য গোটাবিশ্বজুড়ে স্বীকৃত কালো গাউন। তার বদলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পরে আছেন রং বেরঙের হাতাবিহীন এক বিশেষ ধরনের কোট।

এর আগে প্রতিবছর সমাবর্তনের জন্য স্থানীয় সরবরাহকারীদের কাছ গাউন ভাড়া করা করা হতো। প্রতিটি গাউনের জন্য ভাড়া গুনতে হতো কমপক্ষে সাড়ে চারশো রুপি বা ৫২৬ টাকা। আর এসব গাউন নিজেদের কাছে রাখতেও পারতেন না শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে আবার ফেরত দিয়ে দিতে হতো।

এসব কিছু চিন্তা করে এবং স্থানীয় পোচামপল্লি তাঁতিদের সহায়তা করতে তবে কয়েকমাস আগে আইআইটিএইচের ডিজাইন বিভাগের প্রধান অধ্যাপক দীপক ম্যাথিউ গাউনের বদলে বিশেষ ধরনের ‘কেপ’ বা হাতাবিহীন কোট তৈরির সিদ্ধান্ত নেন।

এই কেপ তৈরিতে কালো গাউন ভাড়া নেওয়ার সমান খরচই পড়ছে। উপরোন্তু এসব কেপ নিজেদের সংগ্রহে রাখতে পারছেন শিক্ষার্থীরা। পোচামপল্লির তৈরি এসব সমাবর্তন পোশাকে তাঁতিরা ফুটিয়ে তুলেছেন আইআইটিএইচের নিজস্ব লোগো। প্রতিষ্ঠানটি থেকে সংগ্রহ করা নকশা অনুযায়ী এসব পোশাক তৈরি করেছেন তাঁতিরা। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে পোচামপল্লি তাঁতিদের বিখ্যাত ইক্কাত নকশা।

গত ৬ আগস্ট অনুষ্ঠিত সমাবর্তনে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন রঙের কেপ পরেন। প্রযুক্তি বিভাগের স্নাতকরা পরেছিলেন গাঢ় বাদামী রঙের কেপ, স্নাতোকোত্তোর শিক্ষার্থীদের পরনে ছিল আকাশি রঙের কেপ আপ পিএইচডিপ্রাপ্তরা পরেছিলেন হলুদ রঙের কেপ। কেপের নিচে আইআইটিএইচের শিক্ষার্থীরা পরেছিলেন সাদা পায়জামা-পাঞ্জাবী, কুর্তা বা শাড়ি।

শিক্ষার্থীদের জন্য এতোসব কেপ তৈরি করতে তাঁতিরা পেয়েছিলেন মাত্র দুইমাস সময়। যদিও অন্তত তিনমাস সময় তাঁদের প্রয়োজন ছিল। এ কারণে আগামী বছর পর্যাপ্ত সময় দিয়ে কেপ তৈরি করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক ম্যাথিউ।

এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে সহায়তা করছেন আইআইটিএইচের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেইসাথে সৃষ্টি হয়েছে নতুন এক দৃষ্টান্তও।

জেড