যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

হামলার সময় লাফায়েত শহরের গ্রান্ড ১৬ নামে ওই সিনেমা হলে ‘ট্রেনরেক’ নামের একটি চলচ্চিত্র দেখানো হচ্ছিল।

স্থানীয় পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, ওই বন্দুকধারীর গুলিতে সাতজন আহত হন। বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ। পরে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিনেমা শুরু হওয়ার ২০ মিনিট পর ওই বন্দুকধারী গুলি করা শুরু করে। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী প্রায় ছয়টি গুলি করে।

লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল ঘটনাস্থলে গেছেন। টুইটারে তিনি এ দুর্ঘটনায় হতাহতের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

সূত্র: বিবিসি


এমআর