সৌদি আরবে আফগানিস্তানের এক নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের এক নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। বুধবার পাকিস্তানের ওই নাগরিকের শিরশ্ছেদ করা হয়। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ৩৪ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হলো।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ আইয়ুব খান একটি ধাতব বস্তু দিয়ে খাইল মোহাম্মদ সাজ নামের ওই আফগান নাগরিককে কয়েক বার আঘাত করেন বলে তার বিরুদ্ধে আনীত অভিযোগে উল্লেখ করা হয়। এই আঘাতে সাজ মারা যান।

তেল সমৃদ্ধ সৌদি আরবে বিপুল সংখ্যক এশীয় কাজ করে। এদের অধিকাংশই পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার এক বিবৃতিতে সৌদি আরবের এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ঘটনার সমালোচনা করেছে।

মাদক পাচারের অভিযোগে সোমবার সৌদি আরবে দুই জোড়া ভাইয়ের শিরশ্ছেদ হওয়ার পর সংস্থাটি জানায়, ‘সৌদি আরবকে অবশ্যই সব মৃত্যুদণ্ডাদেশ কার্যকর স্থগিত করতে হবে।’

মানবাধিকার সংস্থাটি আরও জানায়, সোমবারের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পর গত দুই সপ্তাহে সৌদি আরবে শিরশ্ছেদের সংখ্যা দাঁড়িয়েছে ১৭।

গত বছর দেশটিতে ৭৮ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ