ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। 

আজ (৮ ডিসেম্বর) রোববার ভোর ৫ টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর এনডিটিভি।

প্রশাসন সূত্রে খবর, দিল্লির প্রাণকেন্দ্র আনাজ মণ্ডির কাছে রানি ঝাঁসি রোডের একটি কারখানায় আগুন লাগে। নিহতদের অধিকাংশই শ্রমিক বলে জানিয়েছে দিল্লি পুলিশ। প্রতিদিনের মতোই তাঁরা ঘুমিয়েছিলেন কারখানাতেই। সেই ঘুম যে শেষ ঘুম হবে, কে জানত!

তখনও ভালো করে ঘুম ভাঙেনি দিল্লির। আচমকাই আগুনের তাপে আর চিৎকারে ঘুম ভাঙে কিছু ঘুমন্ত মানুষের। কিন্তু ততক্ষণে তাঁরা আগুনের বলয়ে বন্দি। দাউদাউ জ্বলছে কারখানা।

দমকল বাহিনির কথায়, ঘটনাস্থলে ৩০টি ইঞ্জিন পৌঁছে যায় সঙ্গে সঙ্গেই। ৫৬ জনকে বের করে নিয়ে আসা সম্ভব হলেও বাকিরা জীবন্ত দগ্ধ হয় অকুস্থলেই। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এখনও। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। 

এমবি