ভারতের মহারাষ্ট্রের পালঘর শহরে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন আশপাশের একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ব্যক্তিমালিকানাধীন রামেদো কেমিক্যালসে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

পুলিশ কর্মকর্তা প্রমোদ পাওয়ার বলেন, কি কারণে বিস্ফোরণ হল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে।

১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।কারখানার ‘বয়লার কক্ষে’ বিস্ফোরণের পর অন্যান্য জায়গায় আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমরা রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বিকট বিস্ফোরণ এবং বাড়িঘর কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে ভেবে অনেকেই দৌড়ে রাস্তায় নেমে আসেন।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বড় বোমা হামলার মতো বিস্ফোরণ ঘটেছে। তখন অনেকেই ঘুমাতে যাওয়ার কথা ভাবছিলেন। অনেকে ভেবেছে- ভূমিকম্প হয়েছে। তারা ভয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন।