মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিউলের কাছে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আলোচনা চলছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, তিনি চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং-এর সঙ্গে বৈঠক করবেন। অতীতেও তারা একাধিক দফা বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং-এর সম্ভাব্য শীর্ষ বৈঠকে যেসব ঘোষণা আসতে পারে, তার চূড়ান্ত প্রস্তুতি এই আলোচনায় নেওয়া হচ্ছে।

গত বছর ওয়াশিংটন ও বেইজিং একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে, যা শতকরা ১০০ শতাংশেরও বেশি পর্যন্ত পৌঁছায়। পরে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও সি এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখার বিষয়ে সম্মত হন।

দক্ষিণ কোরিয়া সফরের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে স্কট বেসেন্ট লেখেন, “অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা।” তিনি আরও জানান, ট্রাম্প-সি বৈঠকে অংশ নিতে পরবর্তীতে তিনিও বেইজিং সফর করবেন।

ট্রাম্পের সঙ্গে চীন সফরে এক ডজনের বেশি শীর্ষ ব্যবসায়ীও যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জেনসেন হুয়াং এবং ইলন মাস্ক।

সূত্র: এএফপি