পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে ভারতের ইচ্ছা আছে বলে আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে নয়াদিল্লি সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান চাইলে আলোচনা আবার শুরু হতে পারে।

প্রতিবেশীদের সঙ্গে নয়াদিল্লি সুসম্পর্ক চায় উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু প্রয়োজনের সময়ে পাল্টা জবাব দেয়ার সক্ষমতা ভারতকে দেখাতেই হবে।

পরমাণু শক্তিধর দেশ দুইটির সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা প্রয়োজন বলে নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাই কমিশনার আবদুল বাসিত মন্তব্য করার কয়েক মিনিটের মধ্যে এ বক্তব্য দেন রাজনাথ সিং।

নয়াদিল্লির প্রগতি ময়দানে পাকিস্তানি মেলায় পাক রাষ্ট্রদূত বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এক অনবদ্য সম্পর্ক রয়েছে এবং প্রতিবেশী দেশ দু’টিকে অতীত ভুলে নতুনভাবে সম্পর্ক শুরু করতে হবে।

গত ১৯ আগস্ট ভারত-পাক বৈঠক একতরফাভাবে বাতিলের ঘোষণা দিয়েছিল নয়াদিল্লি। দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠক ১৫ আগস্ট ইসলামাবাদে হওয়ার কথা ছিল। কিন্তু একতরফাভাবে বৈঠকটি বাতিল করায় নানা মহল থেকে সমালোচনার মুখে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই