তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক। রাশিয়ার ওপর সাম্প্রতিক বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বুধবার (২ মার্চ) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এসব কথা বলেন।

সের্গেই লাভরভ বলেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভ পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠলে তা রাশিয়াকে প্রকৃত বিপদের সম্মুখীন করবে। যে কারণে গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে।

ইতোমধ্যে রাশিয়ার সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক, কর্মকর্তা ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এছাড়া পশ্চিমের অনেক দেশ ইতোমধ্যে রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

বর্তমান পরিস্থিতির ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, আমরা দ্বিতীয় দফার আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু ইউক্রেনীয় পক্ষ যুক্তরাষ্ট্রের নির্দেশে সময়ক্ষেপণ করছে।

এর আগে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তি দেন ইউক্রেনে আগ্রাসনের শাস্তি হিসেবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একমাত্র বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ওয়াশিংটন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা দেওয়ার পর এই মন্তব্য করেন বাইডেন।

সূত্র: রয়টার্স

এমআই