সৌদি আরবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমালোচনা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্ক ছিন্ন করার লক্ষ্য হচ্ছে সৌদি সরকারের অমানবিক ও বেআইনী তৎপরতা ঢাকা দেয়া।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক হোসেন জাবেরি আনসারি আজ (সোমবার) এ কথা বলেছেন।
ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার ঘটনার বিষয়ে রিয়াদের সঙ্গে আরব লীগের সুর মেলানো প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক চাপ কমানোর লক্ষ্যে আরব লীগের ওপর চাপ প্রয়োগ করেছে সৌদি আরব।
তিনি আরও বলেছেন, "আমরা যখন সৌদি কূটনৈতিক মিশনে হামলাকারীদের শনাক্ত ও বিচার নিশ্চিত করার চেষ্টা করছি, ঠিক তখনি রিয়াদ ইরানের সদিচ্ছাকে অপব্যবহার করে নিজের অমানবিক তৎপরতা থেকে জনমতের দৃষ্টিকে অন্যত্র প্রবাহিত করার চেষ্টা করছে।"
গতকাল মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠক থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার ঘটনার নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে দাবি করা হয়েছে, আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান। এমন সময় ইরানের বিরুদ্ধে ওই ভিত্তিহীন অভিযোগ করা হলো যখন সৌদি আরব ইয়েমেনে প্রতিদিনই হামলা চালিয়ে দেশটির বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
এমএম





