ভোটের দু’দিন আগে ছত্তীসগড়ে বড়সড় হামলা চালাল মাওবাদীরা। মাওবাদীদের এই হানায় নিহত হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক ভীমা মাণ্ডভির।

এছাড়া, তাঁর এবং কনভয়ের নিরাপত্তায় থাকা আরও ৪ নিরাপত্তা কর্মীরও নিহত হয়েছে, খবর আনন্দবাজার।

আজ (০৯ এপ্রিল) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ দন্তেওয়াড়ার নকুলনারে ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি নেতা।

আর এই হামলার পর থেকেই চলছে গুলির লড়াই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

পুলিশ-প্রশাসন সূত্রে খবর, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি নিহত হয়েছে। তাঁর প্রচার কনভয়ের সঙ্গে থাকা ৪ নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর।

ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সারা দেশের সঙ্গে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) ছত্তীসগঢ়েও প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।

এমবি