ঘন ঘন বা প্রতি বছর চাকরি বদলানোর কিছু নেতিবাচক দিক রয়েছে যা একজন কর্মীর দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। নিয়োগকর্তারা সাধারণত এমন কর্মীদের পছন্দ করেন যারা প্রতিষ্ঠানের প্রতি অনুগত এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সক্ষম। জীবনবৃত্তান্তে যদি দেখা যায় কেউ ছয় মাস বা এক বছর অন্তর চাকরি বদলেছেন, তবে তাকে 'অস্থির' বা 'অনির্ভরযোগ্য' হিসেবে গণ্য করা হতে পারে। এতে বড় প্রতিষ্ঠানগুলোতে উচ্চপদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ, প্রতিষ্ঠানগুলো একজন কর্মীর পেছনে যে প্রশিক্ষণ ও সময় ব্যয় করে, তার বিপরীতে একটি নির্দিষ্ট সময়ের সেবা আশা করে।

তবে ক্যারিয়ারে স্থবিরতা চলে আসলে বা ব্যক্তিগত উন্নয়নের সুযোগ বন্ধ হয়ে গেলে চাকরি পরিবর্তন করা অপরিহার্য হয়ে পড়ে। যদি বর্তমান কর্মস্থলে বেতন বা পদোন্নতি সন্তোষজনক না হয়, কাজের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে কিংবা নতুন কিছু শেখার সুযোগ না থাকে, তবে পেশাদারত্বের সাথে অন্য সুযোগ খোঁজা বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, কেবল বেতনের জন্য নয়, বরং দক্ষতার উন্নয়ন ও মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে নতুন ঠিকানায় পা বাড়ানো উচিত।

আদর্শগতভাবে, একটি প্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ বছর সময় দেওয়াকে অভিজ্ঞতার পূর্ণতা হিসেবে ধরা হয়। এই সময়টুকু একটি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য যথেষ্ট। দীর্ঘ সময় এক প্রতিষ্ঠানে কাজ করলে যেমন প্রতিষ্ঠানের ওপর আপনার প্রভাব তৈরি হয়, তেমনি এটি পরবর্তী চাকরির বাজারে আপনার গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেয়।

এমএম