সাইকেল অর্থাৎ বাইসাইকেল চালানো হাঁটা এবং সাঁতার কাটার মতো একটি উৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য খুবই উপকারী।
এতে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে, কমে রক্তচাপও। সপ্তাহে ৩৫ কিলোমিটারের মত পথ সাইকেল চালালে হৃদরোগের ঝুঁকি কমে যায় ৫০ শতাংশেরও বেশি।
এছাড়া শারীরিক গঠন ঠিক রাখতে বাইসাইকেল চালানোর কার্যকারিতা অনেক। প্রতিদিন কিছু সময় সাইকেল চালিয়ে আমরা সহজেই আমাদের শরীর ও মনকে প্রফুল্ল রাখতে পারি।
শরীরে ঘাম ঝরাতে হলে, হাত-পায়ের পেশিগুলোর জট ছড়াতে হলে আর পা ও কোমরের শক্তি বাড়াতে হলে সাইকেল চালানোর বিকল্প আর কিই বা হতে পারে।
নিয়মিত হালকা-পাতলা সাইক্লিং করলে বাড়তি ওজন কমানোর পাশাপাশি হৃদপিণ্ডের সুস্থতার দিকে বেশ খানিকটা এগিয়ে যাবেন আপনি। আর পা ও কোমর-পিঠ-কাঁধের জন্য সাইকেলের মতো উপকারী ব্যায়াম দ্বিতীয়টা নেই বললেও বোধহয় অত্যুক্তি হবে না।
দৃষ্টান্ত স্বরূপ ভারতের বিখ্যাত অভিনেত্রী সোনালি কুলকার্নি কথা বলা যায়। তিনি তাঁর অভিনয়ের কাজে ব্যস্ত থাকা সত্বেও শারীরিক গঠন ঠিক রাখার জন্য প্রতিদিন কিছু সময় বাইসাইকেল চর্চা করেন।
সম্প্রতি তিনি তার টুইটার পেইজের মাধ্যমে জানিয়েছেন, প্রতিদিন খুব সকালে তিনি পৃথ্বী থিয়েটারে যান সাইকেল চালিয়ে। সাইকেল চালিয়ে তিনি মুগ্ধ হয়ে বলেন, সাইক্লিং জিন্দাবাদ! পরিচালক শচীন কুন্দলকার সোনালি কুলকার্নির প্রশংসা করে বলেন, তার সাইকেল চর্চার বিষয়টি শুধু ভক্তদেরকেই না ইন্ডাস্ট্রির সকল বন্ধুদেরকেও উৎসাহিত করে।
এই শরীরচর্চার একটা দারুণ দিক হলো সাইকেল চালিয়ে সহজেই গোষ্ঠীবদ্ধ হওয়া যায়। আর একে ঘিরে দ্রুতই গড়ে ওঠে সাইকেল সংঘ ধরনের কিছু একটা যা আপনাকে ব্যায়ামের চেয়েও বেশি কিছু দিতে পারে।
এমএ





