ফ্রিজ পরিষ্কারের জন্য দামি কোনো ক্লিনারের প্রয়োজন নেই। উষ্ণ পানি, মৃদু সাবান, বেকিং সোডা এবং একটি নরম কাপড় ব্যবহার করেই সহজে কাজটি করা যায়। এক ঘণ্টারও কম সময়ে পাঁচটি ধাপে ফ্রিজ পরিষ্কার করতে পারেন।

১. ফ্রিজ খালি করে নষ্ট খাবার ফেলে দিন

প্রথমে ফ্রিজ বন্ধ করে বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভেতরের সব খাবার বের করে নিন। দুধ, দই, মাংসের মতো দ্রুত নষ্ট হয় এমন খাবার পরিষ্কারের সময় কুলার বা ইনসুলেটেড ব্যাগে রাখুন, যাতে সেগুলো ঠান্ডা থাকে।

খাবার বের করার সময় মেয়াদ, গন্ধ ও অবস্থা পরীক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ, পচা বা ছত্রাক পড়া খাবার ফেলে দিন। যেসব বোতল বা বয়ামের গায়ে আঠালো দাগ রয়েছে, সেগুলোও মুছে নিন। অপ্রয়োজনীয় ও নষ্ট খাবার সরিয়ে ফেললে দুর্গন্ধের উৎস অনেকটাই দূর হতে পারে।

২. তাক ও ড্রয়ার খুলে পরিষ্কার করুন

ফ্রিজের তাক, ট্রে ও সবজি রাখার ড্রয়ারগুলো খুলে আলাদা করে নিন। কাঁচের তাক ঠান্ডা থাকা অবস্থায় গরম পানি দেবেন না। হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে কাঁচ ফেটে যেতে পারে। তাই ধোয়ার আগে সেগুলো স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন।

এরপর নরম স্পঞ্জ ও উষ্ণ সাবান-পানি দিয়ে তাক ও ড্রয়ারগুলো ধুয়ে ফেলুন। বিশেষ করে কিনারা ও কোণায় জমে থাকা খাবারের দাগ ভালোভাবে পরিষ্কার করুন। শক্ত হয়ে লেগে থাকা ময়লা দূর করতে সংশ্লিষ্ট অংশ প্রায় ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ধোয়া শেষে পরিষ্কার পানি দিয়ে মুছে সম্পূর্ণ শুকিয়ে নিন।

৩. ভেতরের দেয়াল ও দরজার রাবার পরিষ্কার করুন

এক লিটার উষ্ণ পানিতে এক বা দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার নরম কাপড় দিয়ে ফ্রিজের ভেতরের দেয়াল, ছাদ ও নিচের অংশ ভালোভাবে মুছে ফেলুন।

দরজার রাবারের সিল বা গ্যাসকেট পরিষ্কার করতে ভুলবেন না। এর ভাঁজে খাবারের টুকরো ও তরল জমে থাকতে পারে। সাবান-পানিতে ভেজানো কাপড় বা পুরোনো টুথব্রাশ দিয়ে জায়গাটি পরিষ্কার করুন। পরে ভেজা কাপড় দিয়ে মুছে সব অংশ শুকিয়ে নিন।

ফ্রিজের ভেতরে তীব্র রাসায়নিক ক্লিনার ব্যবহার না করাই ভালো। এগুলো দুর্গন্ধ তৈরি করতে পারে এবং প্লাস্টিকের অংশের ক্ষতি করতে পারে।

৪. দুর্গন্ধ ও জেদি দাগ দূর করুন

পরিষ্কারের পরও দুর্গন্ধ থাকলে ফ্রিজের কোনো তাকে বেকিং সোডা ভর্তি খোলা বাক্স বা ছোট বাটি রাখতে পারেন। ব্যবহৃত কফির গুঁড়া কিংবা এক টুকরো কাঠকয়লাও দুর্গন্ধ শোষণে সহায়তা করতে পারে।

জেদি দাগ দূর করতে সামান্য পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাগের ওপর পেস্টটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। চাইলে পাতলা করে নেওয়া সাদা ভিনেগারও পৃষ্ঠতল পরিষ্কারে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের পর জায়গাটি ভালোভাবে মুছে নিন।

৫. শুকিয়ে খাবার সাজিয়ে ফ্রিজ চালু করুন

সব অংশ ভালোভাবে শুকিয়ে গেলে তাক ও ড্রয়ারগুলো যথাস্থানে বসিয়ে ফ্রিজ চালু করুন। ভেতরটা পর্যাপ্ত ঠান্ডা হওয়ার পর খাবার আবার সাজিয়ে রাখুন।

কাঁচা মাংস সবসময় নিচের তাকে ঢাকনাযুক্ত পাত্রে রাখুন, যাতে এর রস অন্য খাবারের ওপর না পড়ে। অবশিষ্ট খাবার বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন এবং পাত্রের গায়ে রাখার তারিখ লিখে দিন।

ফ্রিজে কোনো খাবার বা তরল পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। প্রতি সপ্তাহে একবার খাবারের মেয়াদ ও অবস্থা পরীক্ষা করে নষ্ট বা পুরোনো খাবার সরিয়ে ফেলুন। পাশাপাশি মাঝেমধ্যে ফ্রিজের বাইরের অংশ, হাতল এবং পেছনের কয়েল বা আশপাশের ধুলোবালিও পরিষ্কার করুন।

নিয়মিত এভাবে যত্ন নিলে ফ্রিজ পরিচ্ছন্ন থাকবে, দুর্গন্ধ কমবে এবং খাবার সংরক্ষণও হবে স্বাস্থ্যসম্মত।

এস