পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার চতুর্থ দিনের মতো দেশের সব রুটে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে আগামী ৩ জুনের টিকেট।
অগ্রিম টিকেট পেতে কমলাপুর, বনানী, বিমানবন্দর, তেজগাঁও রেল স্টেশন ও ফুলবাড়িয়া পুরাতন রেলস্টেশনে গত কয়েকদিনের চেয়ে আজ মানুষের ভিড় আরো বৃদ্ধি পেয়েছে। অনেকে গতকাল ইফতারি করে, কেউবা সেহরি করে টিকেট সংগ্রহের উদ্দেশে স্টেশনে হাজির হয়েছে।
এদিকে গত রাতে বৃষ্টির ফলে টিকেট বিক্রিরি প্লাটফর্মগুলোতে পানি কাদাসহ বিভিন্ন ময়লা আবর্জনা জমে আছে। এতে মানুষের ভোগান্তি আরো বেড়েছে।
এ ছাড়া ঈদের বাড়তি ভিড় মোকাবিলায় টিকেট সংগ্রহকারীরা নির্ধারিত সময়ের আগে থেকে অর্থাৎ ৯টার বদলে সকাল ৭টা থেকে টিকেট বিক্রি শুরু করার দাবি জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি। এতে মানুষের ভোগান্তি কিছুটা কম বলে অভিমত তাদের।
অন্যদিকে অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট সংগ্রহ করার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ জানায় অনেকেই।
আগামীকাল ২৬ তারিখ, রোববার দেওয়া হবে ৪ জুনের টিকেট। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে।
অন্যদিকে আগামী ২৯ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে রেলের ফিরতি টিকেট বিক্রি। ২৯ মে দেওয়া হবে ৭ জুনের, ৩০ মে দেওয়া হবে ৮ জুনের, ৩১ মে দেওয়া হবে ৯ জুনের, ১ জুন দেওয়া হবে ১০ জুনের ও ২ জুন দেওয়া হবে ১১ জুনের ফিরতি টিকেট।
এবারই প্রথম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, বনানী, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে রেলের অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে।
জেড





