চাঁদার দাবিতে নির্মম নির্যাতনের শিকার নোয়াখালীর হাতিয়া উপজেলার তিন সন্তানের জননী শাহানারা বেগমের নির্যাতনকারী শাহজাহানের সহযোগী মো. নাসিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে নাসির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ মার্চ সোমবার শাহানারাকে প্রকাশে লাঠি দিয়ে ব্যাপক নির্যাতন করে থানার দালাল শাহজাহান। গণমাধ্যমে ব্যাপক খবর প্রকাশের পর প্রশাসনে শুরু হয় তোলপাড়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খিসা। তিনি প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎ নিয়ে নির্যাতনের আলমত সংগ্রহ করেন এবং আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান করেন।

ঘটনার মূল হোতা শাহজাহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার সহযোগী মো. নাসির ওরফে গরু ব্যাপারী নাসিরকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিসুল হক বলেছেন, ‘ঘটনার পর থেকে শাহজাহানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাকেসহ তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে নাসিরের বাড়িতে অভিযান চালিয়ে ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এখনো নির্যাতিতা শাহনারাকে শাহজাহান হুমকি দিচ্ছে বলে জানা গেছে। সন্ত্রাসীদের ভয়ে তার পুরো পরিবার এক নিকট আত্মীয়ের বাসায় রয়েছেন।

এইচ ই