পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড কমে গেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক। শুক্রবার রাঙ্গামাটিতে পুলিশ ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গীদের দাবিয়ে রেখেছে। এর মধ্যে জঙ্গিদের অনেকে অভিযানে গ্রেফতার হয়েছে। অনেকে এনকাউন্টারে মারা গেছে।

দেশে জঙ্গীবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনসাধারণকেও এগিয়ে আসার আহবান জানান আইজিপি ।

জঙ্গিবাদ নির্মূলে জনগণের সহায়তা কামনা করে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ সকল শ্রেণীর লোকজনকে এগিয়ে আসতে হবে। আইন-শৃংখলা বাহিনী ও জনগনের চেষ্টাকে সম্মিলন ঘটিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় তাহলে এদেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব।

এসময় আইজিপিকে চ্ট্টগ্রামের এসপি বাবুল আক্তার সম্পর্কে জানতে চাইলে তিনি এর কোনো জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

পার্বত্যাঞ্চলের পুলিশের জন্য আবাসন অবকাঠামোসহ যানবাহন সুবিধা বাড়ানো হবে বলেও জানান আইজিপি।

এর আগে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে রাঙ্গামাটি শহরে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশ ভবনের উদ্বোধন করেন।

এফএফ