আগস্ট মাসে ভালো কাজের স্বীকৃতি সরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১২৪ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভায় এই পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। নগরীর লালদিঘীর পাড়স্থ সিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মন্ডল, বিপিএম।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার, সকল উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মহানগরীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
মাসিক অপরাধ সভায় জানানো হয় গত মাসে চট্টগ্রাম মহানগরে আটটি হত্যাকাণ্ড সংগঠিত হয়। উক্ত হত্যা মামলা সমূহের উল্লেখযোগ্য অগ্রগতি এবং জুলাই মাসের তুলনায় অপরাধ হ্রাস পাওয়ায় পুলিশ কমিশনার সন্তোষ প্রকাশ করেন।
অপরাধ সভায় গত আগস্ট মাসে ভাল কাজের জন্য সিএমপির ১২৪ জন পুলিশ সদস্যকে পুলিশ কমিশনার পুরস্কৃত করেন। সভায় পুলিশ কমিশনার জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু ব্যবসায়ীরা যাতে রাস্তায় কোনরূপ হয়রানির শিকার না হয় এবং তাদের পছন্দের বাজারে যেতে পারে, সেজন্য সিটি গেট ও একে খান মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
ঈদের ছুটিতে আসা-যাওয়া কালে ছিনতাই এবং বন্ধ বাসাবাড়ী, ব্যাংক এবং ব্যবসাপ্রতিষ্ঠানে যাতে চুরি না হয় সেজন্য বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মালিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
কেএইচ





