যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিহত বাংলাদেশি আলাউদ্দিন আখুঞ্জির (৫৫) মৃতদেহ দেশে এসেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তির মৃতদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে পৌঁছায়।

এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেটক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.একে এম আব্দুল মোমেন মৃতদেহ গ্রহণ করেন।

পরে নিহত আলাউদ্দিনের স্ত্রী মিনারা আক্তার, ছেলে তাজউদ্দিন আখুঞ্জি ও মেয়ে রিমা আখুঞ্জির কাছে মৃতদেহ বুঝে দেওয়া হয়।

আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৃতদেহ গ্রহণ করতে এসেছি। মৃত ইমামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

প্রসঙ্গত, কুইন্সের তিন ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন আলাউদ্দিন। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

আল ফোরকান মসজিদে জোহরের নামাজ শেষে আরেক ব্যক্তির সঙ্গে হেটে বাসায় ফিরছিলেন আলাউদ্দিন। এসময় গুলিতে তিনিসহ ওই ব্যক্তি নিহত হন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে নিউইয়র্কের কুইন্সের একটি মসজিদের ইমাম আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।

এম এ