নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাথা ও পায়ে গুলিবিদ্ধ যুবলীগ নেতা মোবারক হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গন্ধর্বপুর বুচারবাগে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে স্থানীয় যুবলীগ নেতা রুবেলের সঙ্গে ছাত্রলীগ নেতা সুলতান মির্জার বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রুবেল ও তার সহযোগিদের সঙ্গে সুলতান মির্জা ও তার সমর্থকদের প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় সুলতান মির্জা ও তার সহযোগিরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে যুবলীগ নেতা মোবারক হোসেন গুলিবিদ্ধ হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এমআর