দেশজুড়ে শীতের প্রকোপ কিছুটা কমেছিল। তবে শনিবার থেকে নতুন করে শীত বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলা হয়েছে, রোববার থেকে সারা দেশের তাপমাত্রা কম-বেশি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে।

উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। তাই আজ সারা দেশে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহটি আজ দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর বিস্তৃত হতে পারে। পর্যায়ক্রমে তা দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, শৈত্যপ্রবাহটি ৩০ জানুয়ারি পর্যন্ত চলতে পারে বলে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে। তবে এটি আগের শৈত্যপ্রবাহের মতো তীব্র হবে না, মৃদু থেকে মাঝারি আকারের বয়ে যাবে।

এবিসি