নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল দুইজন। পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।