শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়ামুখী তৃতীয় লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘ওসমান হাদিসহ জুলাইয়ে যাদের হত্যা করা হয়েছে, তাঁদের সবার হত্যার বিচারের দাবিতে আমরা মাঠে নেমেছি।’ নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর নির্বাচনী কারসাজির মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে। এর পরিণতি দেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কার্ডের মাধ্যমে দুই হাজার টাকা দেওয়া হলেও গ্যাস ও বিদ্যুতের জন্য পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। কৃষকেরা সার পাচ্ছেন না, সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকটে রয়েছেন। তাঁর দাবি, দেশের মানুষ সরকারের জুলুম-নির্যাতনে অতিষ্ঠ।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতিশ্রুতির বরখেলাপ না করলে বিরোধী দলকে রাজপথে নামতে হতো না। সংবিধান সংস্কারসহ সাত দফা দাবি মেনে না নিলে ১১ দলীয় ঐক্য এক দফার আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা দলকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। গণভোট অবৈধ হলে প্রধানমন্ত্রীও অবৈধ—এমন প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে বিভিন্ন সাংবিধানিক পদে সরকার ও বিরোধী দলের সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের কথা থাকলেও বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, দেশের মানুষের দাবি উপেক্ষা করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ১১ দলীয় ঐক্যের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদিব, চাকসুর ভিপি ইব্রাহীম রনি এবং ডাকসুর জিএস এস এম ফরহাদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
খুলনা মহানগরী জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের খুলনার আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিকসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এস












